কৃষি সময়
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর সহ্য করবে না খামারবাড়ি

কৃষি সময় প্রতিবেদক

সরকারি দরপত্র নিজেদের অনুকূলে নিতে চাপ প্রয়োগ, প্রকল্প পরিচালককে মারধরের হুমকি এবং কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। খামারবাড়িতে প্রকল্প পরিচালকের কক্ষে ঢুকে এক ঠিকাদার ও তার সহযোগীর হুমকি দেয়ার অভিযোগ এবং এ-সংক্রান্ত সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সরকারি কাজে অবৈধ হস্তক্ষেপ, দালালি ও প্রতারণার মাধ্যমে হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ডিএইর মহাপরিচালক মো. আব্দুর রহিম। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী প্রকল্প পরিচালক।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খামারবাড়ির বিভিন্ন প্রকল্পের পরিচালকেরা তাদের নিরাপত্তার বিষয়টি মহাপরিচালককে জানিয়েছেন। বিষয়টি কৃষিমন্ত্রী ও সচিবকেও অবহিত করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা অনৈতিকভাবে দরপত্র প্রভাবিত করার চেষ্টা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পক্ষে কঠোর অবস্থানে রয়েছে কৃষি মন্ত্রণালয়ও।

 

এ বিষয়ে ডিএইর মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মপরিবেশ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ জন্য কৃষিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা নেওয়া হবে।’

 

তিনি বলেন, ‘এর আগেও বিভিন্নভাবে আমরা সর্বোচ্চ সহনশীলতা দেখিয়েছি। কিন্তু এখন বিভিন্ন মহল থেকে এসে কেউ দালালি বা প্রতারণার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি কিংবা হয়রানি করবে, তা আর সহ্য করা হবে না। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে থাকব।’

 

মহাপরিচালক আরও বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা যদি সুষ্ঠু পরিবেশে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না। কেউ এখানে এসে অবৈধভাবে চাপ সৃষ্টি করলে, তিনি যে-ই হোন না কেন, তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

যেভাবে ঘটনার সূত্রপাত:

 

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের (প্রথম সংশোধিত) প্রকল্প পরিচালক মোস্তফা কামাল গত শুক্রবার রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

 

জিডির তথ্য অনুযায়ী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পটির লিয়াজোঁ অফিস রাজধানীর খামারবাড়িতে। গত ১৪ অক্টোবর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সভায় অংশ নিতে তিনি ময়মনসিংহ থেকে ঢাকায় আসেন।

 

অভিযোগে বলা হয়, ওই দিন দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে হাসানুর রহমান মিন্টু নামের এক ঠিকাদার ও মিলন নামের এক ব্যক্তিসহ দুজন তাঁর অফিসকক্ষে প্রবেশ করেন। খামারবাড়িতে ডিএইর প্রথম ভবনের চতুর্থ তলার ৪১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

 

প্রকল্প পরিচালকের অভিযোগ, তাঁর প্রকল্পের ডিজিটাল সাউন্ড সিস্টেম-সংক্রান্ত একটি দরপত্র ই-জিপি ব্যবস্থায় উন্মুক্ত ছিল। দরপত্রটি সংশ্লিষ্ট ঠিকাদারকে দেওয়ার জন্য তাঁর ওপর চাপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে ঠিকাদার তাঁর পরিচিত এক ব্যক্তিকে মুঠোফোনে লাউডস্পিকারে যুক্ত করেন। ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

 

জিডিতে আরও বলা হয়, ফোন রাখতে বললে ঠিকাদার তাঁকে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেওয়ার হুমকি দেন এবং চুপচাপ চেয়ারে বসে থাকতে বলেন। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারি দায়িত্ব নির্বিঘ্নে পালনের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন প্রকল্প পরিচালক।

 

নিরাপত্তা নিয়ে উদ্বেগ:

 

খামারবাড়ির সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, এর আগেও একাধিক প্রকল্প পরিচালককে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের দাবি। সর্বশেষ ঘটনায় প্রকল্প পরিচালকের কক্ষে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ এবং সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

 

ঘটনার পর অধিদফতরের একাধিক বৈঠকে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি ওঠে। বিশেষ করে প্রকল্প পরিচালকেরা যাতে দাপ্তরিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা মহলের অনৈতিক চাপের মুখে না পড়েন, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা।

 

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তদন্ত কর্মকর্তার কাছ থেকে তথ্য জেনে পরে জানাবেন বলে জানান। তবে পরবর্তী সময়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকের ৪ শতাধিক ফলদ কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

1

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার

2

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

3

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি

4

কৃষকের সবজিগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

5

বৃক্ষ মেলায় একটি বনসাই দেখতে ভিড়

6

নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট রিং জাল জব্দ

7

ক্ষুদ্র টিস্যু থেকেই উৎপাদন হচ্ছে রোগমুক্ত চারা

8

২১ জেলে গ্রেফতার,১০ মণ ইলিশ জব্দ

9

বোরো মৌসুমে জ্বালানিতে টান

10

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

11

বন্যাকবলিত এলাকার কৃষকদের জরুরী সহায়তা দেয়া হবে-কৃষি মন্ত্রী

12

৩৯৫ কেজি ইলিশ গেলো এতিমখানায়

13

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

14

পতিত জমি চাষাবাদে আনতে বিএডিসির উদ্যোগ

15

অনিয়মে ভরা কৃষির ১৩ কোটি টাকার প্রকল্প

16

জলাবদ্ধতায় নষ্ট শত শত একর জমির সবজি

17

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

18

পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক

19

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

20